ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট চীফ দিদারুল আলম দিদার ও ডেপুটি ইউনিট চীফ জি এম রাজিব হোসেন নির্বাচিত হয়েছেন।
ভোটারদের সরাসরি ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চীফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ হিসেবে আগামী দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মানিকুল আজাদ পেয়েছেন ৬ ভোট। এছাড়াও ডেপুটি ইউনিট চীফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে রাশিদা আফজালুন্নেসা পেয়েছেন ৩ ভোট।
ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধায়নে নির্বাচন পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান।
নির্বাচন পূর্ব অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বাসস-এর সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, বাসস-এর সাবেক ইউনিট চীফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে’র সাবেক কোষাধক্ষ্য জহিরুল হক রানা, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোমিন হোসেন ও ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক।
নির্বাচনে উপস্থিত ছিলেন বাসস-এর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, বাসস-এর প্রধান বার্তা সম্পাদক আখতারুজ্জমান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন-আল নাসিফ, উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুল বাতেন ও জুনান নাশিত, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন প্রমুখ।


