দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ

ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত তার গান, মঞ্চ পরিবেশনা কিংবা আলোকচিত্র নিয়েই আলোচনায় থাকেন। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না তিনি। তাই একজন বাবা ও পরিবারের মানুষ হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের মধ্যে সবসময়ই রয়েছে।

ঈদ উপলক্ষে সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে জেমসের দুই সংসারের সন্তানদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

প্রকাশিত একটি ছবিতে জেমসকে দেখা যায় তার কন্যা জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবার পাশে দুই সন্তানের হাস্যোজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা জানিয়েছেন অনেকেই।

আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়া। পরিবারকে ঘিরে এই মুহূর্তগুলো ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

 

এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি কানিজ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

ঘরোয়া আবহে তোলা এসব ছবি জেমসের ভিন্ন এক পরিচয় তুলে ধরেছে ভক্তদের সামনে।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের কন্যা জান্নাত ও পুত্র দানেশ রয়েছেন।

গত বছরের অক্টোবরে জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে তার ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে সম্পর্ক।

পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের সংসার আলোকিত করেছে পুত্রসন্তান জিবরান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   7   =