এক গ্লাস ঠান্ডা সফট ড্রিংকস অনেকের কাছেই ক্লান্তি দূর করার সহজ উপায়। গরমের দিনে বা ব্যস্ততার মাঝে এক চুমুকেই যেন কিছুটা স্বস্তি মেলে। তবে বিশেষজ্ঞদের মতে, মাত্র ৩০ দিনের জন্য এই অভ্যাস থেকে দূরে থাকলে শরীরে দেখা দিতে পারে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন।
অনেকেই এক মাসের জন্য সফট ড্রিংকস বাদ দিয়ে পরে বুঝতে পারেন, শরীর ও স্বাস্থ্যে এসেছে অপ্রত্যাশিত ভালো পরিবর্তন। শুধু ওজন নিয়ন্ত্রণ নয়, আরও নানা দিক থেকে উপকার পাওয়া যেতে পারে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এক মাসের জন্য সফট ড্রিংকস বাদ দিলে কোন কোন উপকার হতে পারে-
এনার্জি থাকবে বেশি স্থিতিশীল
সফট ড্রিংকসে থাকা অতিরিক্ত চিনি দ্রুত শক্তি দিলেও তা দীর্ঘস্থায়ী হয় না। কিছু সময় পর রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে ক্লান্তি ও ঝিমুনিভাব দেখা দেয়। এসব পানীয় বন্ধ করলে শরীর ধীরে ধীরে স্বাভাবিক ও স্থায়ী এনার্জির সঙ্গে মানিয়ে নেয়। ফলে সারাদিন সতেজ থাকা সহজ হয়।
ত্বক হতে পারে আরও প্রাণবন্ত
অতিরিক্ত চিনি শরীরে প্রদাহ বাড়াতে পারে, যা ত্বকে ব্রণ, রুক্ষতা বা নিস্তেজ ভাবের কারণ হতে পারে। সফট ড্রিংকস কমালে কয়েক সপ্তাহের মধ্যেই অনেকের ত্বকে ইতিবাচক পরিবর্তন দেখা যায় ফলে ত্বক তুলনামূলক পরিষ্কার ও উজ্জ্বল লাগে।
ঘুমের মান উন্নত হতে পারে
কোলা বা অনুরূপ অনেক পানীয়তে ক্যাফেইন থাকে, যা বিশেষ করে রাতে ঘুমের সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত এসব পানীয় এড়িয়ে চললে ঘুম দ্রুত আসতে পারে এবং ঘুম আরও গভীর হতে পারে।
দাঁতের সুরক্ষা বাড়ে
সফট ড্রিংকসে থাকা চিনি ও অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। দীর্ঘদিন এ অভ্যাস থাকলে ক্যাভিটি ও দাঁতের সংবেদনশীলতা বাড়তে পারে। তাই এসব পানীয় কমানো দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী।
ওজন নিয়ন্ত্রণ সহজ হতে পারে
ফিজি ড্রিংকসে অনেক সময় প্রচুর অপ্রয়োজনীয় ক্যালরি থাকে, যা অজান্তেই শরীরে জমতে থাকে। নিয়মিত এসব পানীয় বাদ দিলে অতিরিক্ত চিনি ও ক্যালরি গ্রহণ কমে যায়, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে এবং শরীরের ফোলাভাবও কম অনুভূত হতে পারে।
শুরুতে সফট ড্রিংকস বাদ দেওয়া কঠিন মনে হলেও, অল্প সময়ের এই পরিবর্তন শরীরের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। এর বদলে পানি, ডাবের পানি বা স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া হতে পারে ভালো অভ্যাসের শুরু।
সূত্র : লিভওয়েল

