ঢাকা, ৪ জুলাই : জুলাই আন্দোলনকে অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিন প্রতিনিধি শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগপত্রটি দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-আন্দোলন এবং এর বীর শহীদদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও অবমাননাকর বক্তব্য ছড়ানোর অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শাহবাগ থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, লিখিত আবেদনটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে মেহের আফরোজ শাওন বা মাহিয়া মাহির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

