জীবননগরে ভাড়া বাসা থেকে উপজেলা আইসিটি কর্মকর্তার মরদেহ উদ্ধার

তারিখ: ১৯ জুন, ২০২৬

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে ভাড়া বাসা থেকে উপজেলা আইসিটি অফিসার মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। বিস্তারিত জানুন দৈনিক পূর্বাচলে।

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের তথ্য প্রযুক্তি বিষয়ক তদারককারী মাহমুদুর রহমানের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১০টার দিকে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্ত্রী নাসরিন আক্তার ও এক সন্তানকে নিয়ে জীবননগরের ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাসার বাইরে চলে যান। এর কিছুক্ষণ পর মাহমুদুর রহমান নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দেন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।

সহকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মাহমুদুর রহমান অত্যন্ত দক্ষ, কর্মঠ ও হাস্যউজ্জ্বল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনস্তাত্ত্বিক ও পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার পর থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো পর্যন্ত থানায় নিহত কর্মকর্তার স্ত্রী বা তাঁর পরিবারের কাউকে দেখা যায়নি।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহিন মোল্লা ও অন্যান্য সহকর্মীরা গভীর শোক প্রকাশ করে জানান, কর্মক্ষেত্রে মাহমুদুর রহমান সবার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। তবে পারিবারিক জীবনে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে তারা জানতে পেরেছেন। এর আগেও পারিবারিক কলহের জেরে স্থানীয়ভাবে ও থানায় কয়েক দফায় মীমাংসা বৈঠক হয়েছিল।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। বেলা ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

চুয়াডাঙ্গার জীবননগরে ভাড়া বাসা থেকে উপজেলা আইসিটি অফিসার মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। বিস্তারিত জানুন দৈনিক পূর্বাচলে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   3   =