লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দেশটির নাবাতিয়ে জেলার জিবশিত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন গুরুতর আহত হন।

আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ মমিন মিয়া, তার স্ত্রী নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুল কান্দি গ্রামের খোরশেদ উদ্দিনের মেয়ে জিনা আক্তার এবং তাদের দুই সন্তান।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত দক্ষিণ লেবাননের শেখ রাগেব হারব হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, জিনা আক্তার তার একটি পা হারিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সাইদায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দূতাবাস ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =