সিলিন্ডারে পাচার হচ্ছিল ২ লাখ পিস ইয়াবা

রাজধানীতে অভিনব পদ্ধতিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে কক্সবাজার থেকে ঢাকায় দুই লাখ পিস ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটি ইয়াবার বড় বড় চালান ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত দুর্জয় দত্তের বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে একটি দল রোববার বিকেল ৩টায় ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে দুই লাখ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়ায়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

হাসান মারুফ বলেন, আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল চক্রটি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কালো রঙের প্রিমিও প্রাইভেট গাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা ঢাকার ওয়ারী এলাকায় সরবরাহ করবে। সেই সূত্র ধরে আমাদের টিম ওয়ারীর ৪৫ লালমোহন সাহা স্ট্রিট থেকে ওই গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডার থেকে ইয়াবা উদ্ধার করে।

এছাড়া একই দিন রাজধানীতে পৃথক চারটি অভিযানে পাঁচ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসকল অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ, বনানীর টিএন্ডটি মাঠ ও কড়াইল বস্তি থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের ও মোছা. জরিনা এবং সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবিকে গ্রেপ্তার করা হয়।

একইদিনে অন্য একটি অভিযানে জোয়ার সাহারায় একটি কুরিয়ার সার্ভিস সেন্টারের ভেতরের স্ক্যানিং মেশিনের সামনে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে ভাটারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ৭টায় মো. সেলিম আশরাফ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ, চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ ও সরঞ্জাম উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   8   =