আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড: প্রতিশোধের নেশায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা

সোহেল হাওলাদার 

১ মে, ২০২৬

রাজধানী ঢাকার আন্ডারওয়ার্ল্ডে আবারও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। নব্বইয়ের দশকের রক্তক্ষয়ী সন্ত্রাসী সংঘাতের স্মৃতি যেন ফিরে আসছে নতুন করে। সম্প্রতি নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যাকাণ্ড সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে।

বিশ্লেষকদের মতে, ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ‘মুরগি মিলন’ হত্যার ঘটনার সঙ্গে টিটন হত্যাকাণ্ডের কৌশলগত মিল রয়েছে। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রকাশ্যে গুলি চালিয়ে মিলনকে হত্যা করা হয়। এর জের ধরে রাজধানীতে ‘সেভেন স্টার’ ও ‘ফাইভ স্টার’ গ্রুপের মধ্যে শুরু হয়েছিল ধারাবাহিক সহিংসতা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার কারণে ঢাকার আন্ডারওয়ার্ল্ড অনেকটাই নিষ্ক্রিয় ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কয়েকজন আলোচিত শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে করে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

অপরাধ সংশ্লিষ্টরা মনে করছেন, টিটন হত্যার প্রতিশোধ নিতে তার অনুসারীরা সক্রিয় হতে পারে। অতীতের মতো পাল্টাপাল্টি হামলা শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা জানান, জামিনে মুক্ত কেউ নতুন অপরাধে জড়ালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক অপরাধ বিশ্লেষক বলেন, কারাগারে থেকেও অনেক সন্ত্রাসী তাদের নেটওয়ার্ক সক্রিয় রাখে। মুক্ত হওয়ার পর তারা সরাসরি মাঠে নেমে পুরনো দ্বন্দ্ব মেটাতে আরও সহিংস হয়ে উঠতে পারে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের সময় অপরাধীরা প্রভাব বিস্তারের সুযোগ খোঁজে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে রাজধানীতে আবারও ‘গ্যাং কালচার’ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   3   =