পল্টনে সাংবাদিককে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর পল্টন এলাকায় একটি অনলাইন পত্রিকার অফিসে ঢুকে সাংবাদিককে জিম্মি করে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ‘সারা বিশ্ব ডটকম’ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী (৪৮) পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা ৬ ব্যক্তি তার অফিসে অনধিকার প্রবেশ করে তাকে জিম্মি করে এবং অফিসের কার্যক্রম চালাতে হলে ৪ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি জানায়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়।

একপর্যায়ে অভিযুক্তদের একজন তার কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড নিয়ে পিন নম্বর জানতে বাধ্য করে। পরে একজন নিচে গিয়ে এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে নিয়ে আসে বলেও জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনার সময় অন্য অভিযুক্তরা তাকে অফিসে আটকে রাখে। টাকা নেওয়ার পর তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।পরে অফিসের সহকর্মী ও স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি পল্টন মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পল্টন মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   10   =