নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম বা আনফিট কর্মীকে ফিট দেখালে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিদেশে কর্মী প্রেরণের প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এমনকি স্বাস্থ্যগতভাবে অযোগ্য (আনফিট) কর্মীকে যোগ্য (ফিট) দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী জানান, কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই (জিরো কস্ট) গতকাল ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএলে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ধারাবাহিকতায় আগামী ৯ ডিসেম্বর আরও একটি কর্মী দল পাঠানো হবে।
প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষায়িত ল ফার্ম গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া যুদ্ধ কিংবা বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
প্রবাসীদের স্থানীয় সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি মাসে অন্তত একটি সমন্বয় সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সরকারি হাসপাতালে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন। এ সময় তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনকানুন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


