নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে ছিনিয়ে নেওয়া পিস্তলটি ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বন্দর উপজেলার উইলসন রোডের র্যালি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মো. মিশাল ওরফে বিশাল (৩০)। তাঁর তথ্যানুযায়ী, দুটি ম্যাগজিন ও ১৬টি গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পিস্তলসহ মিশালকে উপস্থিত করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, অস্ত্রটি ছিনতাই কাজে ব্যবহারের উদ্দেশ্যে ছিনতাই করা হয়েছিল।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মিশালকে আটক করে পুলিশ। মিশাল শহরের দেওভোগ পানির ট্যাংক এলাকার প্রয়াত মিজানুর রহমানের ছেলে। তিনি পেশাদার ছিনতাইকারী।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনের সময় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমানের ওপর হামলা চালায় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী। তাঁরা এএসআইয়ের ব্যবহৃত গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে ওই দিন সন্ধ্যায় মিশালকে গ্রেপ্তার করে। পরে সোমবার দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে অভিযানকালে মিশালের দেখানো পথে, বন্দর উপজেলার উইলসন রোড এলাকার জনৈক শরিফ উদ্দিনের বাড়ির সামনে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতরে কাপড়ে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি ছোরা এবং একটি বড় চাকু উদ্ধার করা হয়।
এর আগে সোমবার রাতে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করেছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান। তিনি বলেন, অস্ত্রটি উদ্ধার করা হযেছে। গ্রেপ্তার মিশাল পেশাদার ছিনতাইকারী। তিনি অস্ত্রটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করার জন্য অস্ত্রটি ছিনতাই করেছিলেন। মিশালের পাশাপাশি তাঁর দুই সহযোগীকে আটক করা হয়েছে।


