বিশেষ প্রতিনিধি, দৈনিক পূর্বাচল:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তারের অ্যাপ্রন পরে ঘোরাঘুরির সময় মো. রাকিব নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে আনসার। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচল-এ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের সাদা অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এক ভুয়া চিকিৎসককে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের পর হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মো. রাকিব। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকের পোশাক (সাদা অ্যাপ্রন) পরা থাকায় প্রথমে তাকে প্রকৃত চিকিৎসক ভেবে জরুরি বিভাগে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়। তবে জরুরি বিভাগের ভেতর তার অদ্ভুত চলাফেরা ও আচরণ দেখে আনসার সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে তিনি কোনো চিকিৎসক নন।
ঘটনাসত্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, “জরুরি বিভাগে ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে উদ্ধার করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন।”
জিজ্ঞাসাবাদে আটক রাকিব দাবি করেন, তার ভাই গুরুত্বর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য ঢামেকে নিয়ে এসেছিলেন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ভর্তি করাতে ব্যর্থ হয়ে অন্য একজনের পরামর্শে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সেজে তিনি জরুরি বিভাগে প্রবেশ করেছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


