sara desh

যশোরে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় আঘাত/দৈনিক পূর্বাচল

যশোর প্রতিনিধি, দৈনিক পূর্বাচল:

যশোরে পরিচ্ছন্নতা নিয়ে বিরোধের জেরে প্রখ্যাত অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ। লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

যশোরে নিজ বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা রক্ষা করা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের ধরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০) হামলার শিকার হয়েছেন। প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, বেজপাড়া নলডাঙ্গা এলাকায় সমু চৌধুরীর বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। গ্যারেজের কর্মচারীরা নিয়মিত বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করে আসছিল। মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়ে সমু চৌধুরী গ্যারেজ কর্মচারীদের সাথে কথা বলতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে গ্যারেজ সংশ্লিষ্ট জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সমু চৌধুরীর মাথায় সজোরে আঘাত করে। হামলায় তার মাথা কেটে রক্তপাত শুরু হয়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ড্রেসিং শেষে তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো লিখিত আইনি অভিযোগ বা মামলা দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment