sara desh

ফেসবুকে পরিচয় থেকে প্রেম: ভারত থেকে জয়পুরহাটে দুই ভাই, চলছে বিয়ের প্রস্তুতি | দৈনিক পূর্বাচল

অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬

ফেসবুক প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটের কালাইয়ে এসেছেন দুই ভাই। প্রেমিক ফারুক চাপরাশির সঙ্গে স্থানীয় তরুণী পূর্ণিমার বিয়ের প্রস্তুতি নিচ্ছে পরিবার। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় হাজির হয়েছেন দুই ভাই। তাঁদের মধ্যে এক ভাইয়ের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ের প্রাথমিক আলোচনা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে। প্রেমের টানে ভারতীয় নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা তরুণীর বাড়িতে ভিড় জমাচ্ছেন।

পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত বৈধ কাগজপত্র অনুযায়ী, বাংলাদেশে আসা দুই ভাই হলেন ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি এবং তাঁর ভাই মুর্শিদ চাপরাশি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুক চাপরাশির। নিয়মিত ভাববিনিময়ের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে পৌঁছান ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তাঁরা তরুণীর বাড়িতেই অবস্থান করছেন।

তরুণীর বাবা সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “বর্তমান যুগে তরুণ-তরুণীরা মুঠোফোনের মাধ্যমে সম্পর্কে জড়ায়। ওই যুবক ও তাঁর বড় ভাই বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে আমাদের বাড়িতে এসেছেন। আমরাও ভারতে যাওয়ার জন্য ভিসার আবেদন সম্পন্ন করছি। ভিসা পাওয়া মাত্রই ভারতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করা হবে।”

এদিকে ভারতীয় দুই নাগরিকের অবস্থানের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে কিছুটা বাধার মুখোমুখি হন বলে অভিযোগ উঠেছে। তবে সার্বিক বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ভারতীয় দুই নাগরিকের কালাইয়ে আগমনের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পুলিশ সার্বিক বিষয়টির ওপর নজর রাখছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment