আন্তর্জাতিক

নেপালে সুড়ঙ্গে আটকে থাকা ২ শ্রমিক জীবিত উদ্ধার, স্বস্তিতে পরিবার/দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের মধ্য থেকে দুইজনকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার পাওয়া ব্যক্তিরা হলেন যান্ত্রিক বিভাগের ফোরম্যান সঞ্জয় সাহ এবং সুপারভাইজার কবির মহার্জন। আজ শুক্রবার সকালে উদ্ধারকারী দল টানা প্রচেষ্টার পর তাদের বাইরে নিয়ে আসতে সক্ষম হয়।

১০ দিন ধরে সুড়ঙ্গে আটকে থাকা কবির মহার্জনের জীবিত উদ্ধারের খবরে পরিবারে নেমে এসেছে চরম স্বস্তি ও আনন্দের বন্যা। তার স্ত্রী হীরাশোভা ও ভাই আমির মহার্জন জানিয়েছেন, দীর্ঘদিন অনিশ্চয়তা ও আতঙ্কে কাটানোর পর এই খবরে তাদের পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং স্বস্তি ফিরে পায়।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) কর্মকর্তা সুরেশ রাউত জানিয়েছেন, উদ্ধারকৃতদের হাত-পায়ে আঘাত রয়েছে এবং তারা অক্সিজেনজনিত সমস্যায় ভুগছেন। দ্রুত চিকিৎসার জন্য তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে যুক্ত শ্রী রাম নেউপানে জানান, প্রথমে সেনাদল ভেতরে মানুষের কণ্ঠ শুনতে পায় এবং পরে দ্রুত যোগাযোগ স্থাপন করে তাদের উদ্ধার করে।

কর্মকর্তারা ধারণা করছেন, বিদ্যুৎপ্রকল্পের এই সুড়ঙ্গটিতে এখনো প্রায় ৩৯ জন শ্রমিক আটকে রয়েছেন। গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পর চলমান এই উদ্ধার অভিযানে দুই শ্রমিকের বেঁচে ফেরা নতুন আশার সঞ্চার করেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment