রাজনীতি

২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক পূর্বাচল:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে প্রায় ২৭৬ কোটি টাকা অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের সচিব সাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার অন্য আসামি হলেন— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর নিবন্ধিত সনদের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠিত হয়। চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ট্রাস্টটির আজীবন সভাপতি এবং তার অনুপস্থিতিতে শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালনে বাধ্যবাধকতায় রয়েছেন।

অভিযোগে বলা হয়, সমাজসেবা অধিদপ্তর এবং এনজিও বিষয়ক ব্যুরোর কোনো বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে দেশের ৪১টি তফসিলি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ট্রাস্টটির নামে গ্রহণ করা হয়।

অনুসন্ধান প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তদানীন্তন বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার নির্বাহী কমিটির সভার নির্ধারিত এজেন্ডায় বিষয়টি না থাকা সত্ত্বেও বিবিধ আলোচনায় এনে এ সিদ্ধান্তের অনুমোদন নেন। পরবর্তীতে প্রভাব খাটিয়ে ৪১টি ব্যাংক থেকে বেআইনিভাবে এই অর্থ হস্তান্তরে বাধ্য করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে রাষ্ট্রের এ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment