বিনোদন

দুর্যোগে আটকে পড়ার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে গিয়েছিলেন। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চললেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।

নেপালের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগের পথ। এমন পরিস্থিতিতে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।

দেশে ফিরে অপু বিশ্বাস জানান, পুরো টিম নিরাপদেই ছিল। তবে সবাইকে একসঙ্গে দেশে ফেরানো কিছুটা চ্যালেঞ্জিং ছিল।

তিনি বলেন, ‘নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে শান্তি লাগছে।’

তবে একই দুর্যোগের কারণে এখনো নেপালে অবস্থান করছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার নির্ধারিত পথটি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।

তাসরিফ আরও জানান, তিনি ও তার সঙ্গে থাকা বন্ধুরা নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment