বিনোদন ডেস্ক:
পড়ন্ত বিকেলের মিষ্টি স্মৃতি আর প্রিয় বন্ধুকে হারানোর অন্তর্দাহ একাকার হয়ে গেল দূর ইতালির ঐতিহাসিক শহর রোমে। দীর্ঘ ১২ বছরের বিরতি ভেঙে আগামী ১৬ আগস্ট রোমের মঞ্চে মাতাতে যাচ্ছেন ‘নগরবাউল’ খ্যাত জেমস। তবে প্রবাসের মাটিতে এই আনন্দের মাহেন্দ্রক্ষণে এক গভীর বিষাদ ও আবেগের ছায়া জড়িয়ে আছে। কারণ, যেদিন রোমে তার এই ঐতিহাসিক কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেদিনই বাংলাদেশের আরেক প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর শুভ জন্মদিন।
কনসার্ট উপলক্ষে সম্প্রতি রোমের এক অভিজাত হোটেলে এক আবেগঘন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে অবধারিতভাবেই উঠে আসে দেশের ব্যান্ড সংগীতের গোল্ডেন এরা—‘এবি-জেমস’ জুটির সোনালী স্মৃতির কথা।
দীর্ঘদিনের সহকর্মী ও প্রাণের বন্ধুকে হারিয়ে জীবনের এই পর্যায়ে এসে নিজেকে কতটা একা মনে হয়, তা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন জেমস। ভেতরের সবটুকু কষ্ট গুছিয়ে কথায় প্রকাশ না করলেও এই রকস্টারের সংক্ষিপ্ত বক্তব্যে প্রকাশ পায় এক গভীর শূন্যতা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিষাদগ্রস্ত কণ্ঠে জেমস বলেন, “আমরা সব সময় একসঙ্গেই কাজ করেছি, ‘জোড়া’ ছিলাম আমরা। তো উনি চলে যাওয়ার পর খুব একা লাগে… এর থেকে বেশি বিষয় নিয়ে বলতে চাই না।”
দীর্ঘ এক যুগ পর রোমের মাটিতে পা রাখা নিয়ে জেমস জানান, দেশ থেকে দূরে থাকলেও প্রবাসীদের এই অকৃত্রিম ভালোবাসাই একজন শিল্পীর পথচলার আসল জ্বালানি। ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি ভক্তের উপস্থিতি দেখে তার মনেই হয়নি যে তিনি ভিনদেশে আছেন; বরং মনে হচ্ছিল যেন নিজ দেশেরই কোনো পরিচিত সংবাদ সম্মেলনে বসে কথা বলছেন।
সংবাদ সম্মেলনের শেষভাগে নতুনদের নিয়ে আশার বাণী শোনান এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তরুণ প্রজন্মের প্রতি আস্থা রেখে জেমস জানান, তাদের হাত ধরেই বাংলা গান এবং দেশের সংস্কৃতি বিশ্বমঞ্চে আরও বহুদূর এগিয়ে যাবে।


