নিজস্ব প্রতিবেদক:
কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে, গত ২১ জুন (রোববার) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই পাঁচ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
নিহত প্রবাসীরা হলেন—কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। একসঙ্গে পাঁচ তরুণ প্রবাসীর মরদেহ এলাকায় পৌঁছানোর খবরে কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং জানিয়েছে, আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ গতকাল সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।
দূতাবাস সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এবং দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে নিহত প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে মরদেহগুলো গ্রহণ করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

