ইউনিয়ন পরিষদে বসেই মদ খাচ্ছেন ইউপি সদস্য আনসার আলী তুহিন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে এলাকায় তোলপাড় শুরু হয়। তুহিনের এমন কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন তার ভোটাররাও। ইতিমধ্যেই তার বিচার চেয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অনেকেই। আনসার আলী তুহিন রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধির এমন আচরণ সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তুহিন ইউপি ভবনের একটি কক্ষে বসে মদের বোতল থেকে গ্লাসে পানীয় ঢালছেন। ছবিটি প্রকাশের পর স্থানীয় বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কর্মকাণ্ড তার দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবেদ আলী, জহুরুল ইসলাম, সুরুজ্জামানসহ স্থানীয় অনেক বাসিন্দা বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি সমাজের জন্য আদর্শ হওয়া উচিত। তার আচরণে সমাজের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম প্রভাবিত হতে পারে। তাই এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরি করে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা দিয়েছে সমালোচনার ঝড়। সুমন মিয়া নামের একজন লিখেছেন ‘পুলিশ কি তাকে দেখে না? শফিকুল ইসলাম নামের একজন লিখেছেন- ‘সে একটা পাক্কা মদাড়ু’ আজগর আলী নামের একজন লিখেছেন- ‘আমরা তার শাস্তি দাবি করছি। তবে এ বিষয়ে ইউপি সদস্য আনসার আলী তুহিনের বক্তব্য জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবো। রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


