লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে মাটি কেটে নেয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে আবু তালেব নামে এক ব্যবসায়ীর ২৩ শতাংশ জমি থেকে প্রায় ৪ লাখ টাকার মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে মাটি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন নামের এক বিএনপি’র নেতার বিরুদ্ধে। তার দাবি, বিএনপি নেতা তার কাছে ১ লাখ টাকা চাঁদা চেয়েছে। ওই টাকা না দেয়ায় গিয়াস তার জমি থেকে রাতের অন্ধকারে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়। এ ঘটনায় জেলা বিএনপি’র আহ্বায়ক ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তালেব সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত গিয়াস একই উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও হোসেনপুর গ্রামের বাসিন্দা। আবু তালেব বলেন, প্রায় ৪ বছর আগে আমরা গিয়াসের বাড়ির পাশে ২৩ শতাংশ জমি ক্রয় করি। এখন সেখানে বাড়িঘর করার পরিকল্পনা করেছি। এরমধ্যে গিয়াস আমার কাছে ১ লাখ টাকা চাঁদা চায়। তাকে ঈদের পর ৫০ হাজার টাকা দিবো বলেছিলাম। কিন্তু তিনি রাতের অন্ধকারে আমার জমি থেকে ভেকু দিয়ে প্রায় ৪ ফুট গর্ত করে মাটি কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি জানিয়েছি। তাদের দাবি, তিনি কারও কথা শোনেন না। এ ব্যাপারে বক্তব্য জানতে গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে কল করলে তার সহধর্মিণী কল ধরেন। গিয়াস বাসায় না থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সদর (পূর্ব) উপজেলা বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment