ইসরাইল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধ চালানোর বিস্তারিত পরিকল্পনা তাদের রয়েছে। সোমবার দেশটির সামরিক বাহিনী জানায়, রাতভর ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য আগামী তিন সপ্তাহের বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং এর বাইরেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য সীমিত। ইসরাইলের বিরুদ্ধে হুমকি দেয়ার সক্ষমতা দুর্বল করতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং নিরাপত্তা কাঠামোর ওপর আঘাত হানা। শোশানি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে এই শাসনব্যবস্থা যতটা সম্ভব দুর্বল হয়ে পড়ে এবং তাদের নিরাপত্তা কাঠামোর সব সক্ষমতা আমরা ক্ষয়িষ্ণু করে দিতে পারি। ইসরাইলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ইরানের ভেতরে আঘাত হানার জন্য তাদের কাছে এখনও হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে।
সূত্র: রয়টার্স।


