জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ’নাটোরে আজ থেকে কোনো প্রকার অন্যায়, সন্ত্রাস বা চাঁদাবাজি করতে দেবো না। অপরাধী যদি আমার দলের কর্মী, পরিবারের সদস্য কিংবা আপন ভাই-ভাতিজা বাবা হলেও কোনো ছাড় দেওয়া হবে না।’
সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হুইপ বলেন, আজ থেকে আগামী ৫ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত যে কাউকেই গ্রেপ্তার করতে হবে। সে যত শক্তিশালীই হোক না কেন। এক্ষেত্রে কোনো মুখ দেখাদেখি না চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।’
নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সকলের বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় সংসদ এর হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর হওয়ায় এসময় তাকে নাটোর জেলা বিএনপি, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বড়াইগ্রামের মির্জা মাহমুদ খাল খনন কাজ উদ্বোধন করেন এবং বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন।


