বাংলাদেশের রিভিউ নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক অভিযোগ

মাঠের লড়াই শেষ হলেও রেশ রয়ে গেছে ড্রেসিংরুমে। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১১ রানের শ্বাসরুদ্ধকর জয় ছাপিয়ে এখন আলোচনায় ‘রিভিউ’ বিতর্ক। নির্দিষ্ট সময় পার হওয়ার পর এবং জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে বাংলাদেশ রিভিউ নিয়েছে—এমন অভিযোগে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক নালিশ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ম্যাচে ২ বলে প্রয়োজন ১২ রান। বোলার রিশাদ হোসেনের লেগ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিকে ‘ওয়াইড’ ঘোষণা করেন আম্পায়ার কুমার ধর্মসেনা। রিশাদ এবং উইকেটরক্ষক লিটন দাস দাবি করেন বল শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে আলোচনার পর বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ আবেদন করে।

ডিআরএস পরীক্ষায় দেখা যায়, বলটি আফ্রিদির ব্যাটের নিচের অংশ ছুঁয়ে গেছে। ফলে আম্পায়ারের ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয় এবং সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান, যা কার্যত অসম্ভব ছিল। শেষ বলে আফ্রিদি স্টাম্পড হলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান মূলত দুটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে: ১. সময়সীমা লঙ্ঘন। তাদের দাবি, রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পার হওয়ার পর বাংলাদেশ আবেদন করেছে। ২. বিগ স্ক্রিনের প্রভাব। পাকিস্তানের অভিযোগ- স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নেওয়ার সংকেত পেয়েছে, যা আইসিসির নিয়মানুযায়ী অবৈধ।

তবে ব্রডকাস্ট ক্যামেরায় সেই সময় টাইমার না থাকায় তাৎক্ষণিকভাবে সময়সীমা যাচাই করা সম্ভব হয়নি। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি ও টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারির কাছে এই বিষয়ে তাদের আপত্তির কথা জানান।

এই সিরিজটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ঠাসা। দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার বিতর্কিত রানআউট নিয়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং জরিমানা পর্যন্ত গড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শেষ ম্যাচে ডিআরএস নিয়ে নতুন এই বিতর্ক যোগ হলো।

পিসিবি ঠিক কী ধরনের প্রতিকার চাইছে তা স্পষ্ট না হলেও, ক্রিকইনফো জানিয়েছে—নিজেদের অবস্থান পরিষ্কার করতে এবং নিয়মের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে তারা আইসিসির একটি আনুষ্ঠানিক স্বীকৃতি বা ব্যাখ্যা আশা করছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment