ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি অভিযোগ করেছেন, ইরানকে দায়ী করতে যুক্তরাষ্ট্রের কিছু মহল ২০০১ সালের ৯/১১-এর মতো একটি হামলার পরিকল্পনা করতে পারে। এ খবর দিয়েছে তাসনিম নিউজ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লারিজানি বলেন, ইরান সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এমন কোনো পরিকল্পনার সঙ্গে দেশটির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, কিছু গোষ্ঠী একটি বড় ধরনের হামলা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করতে পারে।
লারিজানি বলেন, ইরান মৌলিকভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মসূচির বিরোধী এবং আমেরিকার জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। তবে তিনি সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে ইরান বর্তমানে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে আগ্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।


