অসদাচরণের জন্য শাস্তি পেলেন পেদ্রো নেতো

লন্ডন থেকে প্যারিস, সময়টা একেবারেই অনুকূলে নেই চেলসি তারকা পেদ্রো নেতোর। প্রিমিয়ার লীগে আর্সেনালের বিপক্ষে লাল কার্ডের রেশ না কাটতেই চ্যাম্পিয়নস লীগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে বল-বয়কে ধাক্কা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। উয়েফার তদন্ত যখন চলমান, তখন আগের অসদাচরণের জন্য শাস্তি পেলেন পেদ্রো। প্রিমিয়ার লীগে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৭০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে এ পর্তুগিজ ফরোয়ার্ডকে। তবে এতসব ঘটনার মধ্যে এক টুকরো স্বস্তি হয়ে এসেছে কোচ কোচ লিয়াম রোজেনিয়ারের সমর্থন।

এমিরেটসে চলতি মাসের শুরুর দিকে আর্সেনালের বিপক্ষে হারের (২-১) রাতে তিন মিনিটের মধ্যে দু’টি হলুদ কার্ড দেখেন পেদ্রো। প্রথমটি গানারদের গোলে অসন্তুষ্টি প্রকাশ করে, পরেরটি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে ফাউল করে। ফলে আজ নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। রেফারির সঙ্গে পেদ্রোর তর্কে জড়ানোর ঘটনাকে ‘অনুপুযক্ত আচরণ’ হিসেবে অভিহিত করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তবে ঘরোয়া ফুটবলের এই ধাক্কা ছাপিয়ে এখন আলোচনায় এখন প্যারিসের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয় ব্লুরা। ম্যাচের এক পর্যায়ে দ্রুত বল ফিরে পেতে এক বল-বয়কে ধাক্কা মেরে ফেলে দেন ২৬ বছর বয়সী নেতো। ইতোমধ্যে তার বিরুদ্ধে ‘অখেলোয়াড়সুলভ আচরণের’ তদন্ত শুরু করেছে উয়েফা। ফলে মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে তার অংশগ্রহণ এখন সুতোয় ঝুলছে।

তবে শাস্তির মেঘ ঘনীভূত হলেও কোচ লিয়াম রোজেনিয়রকে পাশে পাচ্ছেন পেদ্রো। নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেলসি কোচ বলেন, ‘ঘটনাটি দেখতে মোটেও ভালো ছিল না। তবে আমি পেদ্রোর মানসিকতা বুঝি। ও ক্লাবের জন্য জিততে চায় বলেই দ্রুত খেলা শুরু করতে চেয়েছিল।’ রোজেনিয়ার সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন নেতোর দায়বদ্ধতায়। তার দাবি, ঘটনার পরপরই তিনি ক্ষমাপ্রার্থনা করেন। কোচের ভাষায়, ‘মানুষ মাত্রই ভুল করে, তবে সেই ভুল স্বীকার করে এগিয়ে যাওয়াই আসল।’

সতীর্থ ভিতিনহার সহায়তায় সেই বল-বয়ের কাছে বারবার ক্ষমা চান পেদ্রো। তদন্তের মুখে দাঁড়িয়েও পর্তুগিজ তারকা স্পষ্ট করেন যে, এটি স্রেফ ‘উত্তপ্ত মুহূর্তের’ ভুল ছিল, কোনো ব্যক্তিগত আক্রোশ নয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment