‘প্রিন্স’ কি প্রত্যাশা পূরণ করতে পারবে

গতকাল প্রকাশ হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহু প্রতীক্ষিত ‘প্রিন্স’ সিনেমার টিজার। এ নায়কের অগণিত ভক্ত অপেক্ষায় ছিলেন টিজারের। এটি প্রকাশের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে সেটি দেখেছেন দর্শক। শুরুতেই ভয়েস ওভারে দেয়া হলো প্রিন্সের দাপটের বর্ণনা। বলা হলো, ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুইরা বেড়ায়। কিছু থাকে নেকড়ে। ভয়ঙ্কর! আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। এরপর ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে দেখা যায় ভিন্ন লুকের শাকিব খানকে।

ছবিতে একাধিক লুকে নজর কেড়েছেন এ নায়ক। ট্রেলারে এক পলকে দেখা মিলে ছবির নায়িকা তাসনিয়া ফারিণের। আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারিণ। ঢাকার গ্যাং, ক্ষমতা, রাজনীতি আর অপরাধ জগতের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘প্রিন্স’। শাকিবের উপস্থিতি নজর কাড়লেও টিজার দেখে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। শাকিবের ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র পর এর থেকে আরও ভালো কিছু আশা করেছিলেন তারা।

অনেকে বলছেন, টিজার প্রকাশ না করলেই বরঞ্চ ভালো হতো। বিশেষ করে শাকিবের একক আধিপত্য টিজারে দেখা গেলেও কোনো গল্পের ইঙ্গিত মেলেনি। নতুনত্ব কিছু্‌ দর্শক এতে খুঁজে পাননি। পাশাপাশি ট্রেলারে নিম্নমানের ভিএফএক্স নিয়েও চলছে সমালোচনা। এবারের ঈদের অন্যতম বড় আয়োজনের ছবি এটি। টিজার দেখে অনেকেই প্রশ্ন রেখে বলছেন, ঈদে শাকিবের এ ছবি কি আসলেই প্রত্যাশা পূরণ করতে পারবে? অবশ্য তা এখনই বলা যাচ্ছে না।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment