ডেস্ক রিপোর্ট : সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভোটে নির্বাচিত এই সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসনও আইনের শাসন আরও সুদৃঢ় হবে। ও আইনের শাসন আরও সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। নতুন সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট মোট ২১২টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।
নতুন এই সংসদের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা আশা করছেন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের প্রত্যাশা পূরণে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


