লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। আজ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ-পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি শত্রুদের অভিযানে’ হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ নাগরিক নিহত এবং ১৪৯ নাগরিক আহত হয়েছেন।
ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে এ হামলা হয়। লেবাননে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। আজ সোমবার এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এর আগে ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলা চালায়। জবাবে লেবাননে ইসরায়েল বিমান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর ইয়াল জামির বলেন, ‘আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি। আমাদের বেশ কিছু দিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’


