ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়া হয়েছে বিরোধী দলকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করা বিএনপি সংসদের প্রথম অধিবেশনের আগে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তবে প্রস্তাব পেয়ে জামায়াত কী সিদ্ধান্ত জানিয়েছে, সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তথ্য দেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চে, ওইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

কে স্পিকার হচ্ছেন তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং জুলাই জাতীয় সনদের যেটা আমরা ঐক্যমতের ভিত্তিতে সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই।

“সে জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধীদলকে আমরা মৌখিকভাবে, সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে।”

এ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “তবে ডেপুটি স্পিকারর দেওয়ার বিষয়টা এখন আমরা অফার করতে পারি। সরকারি দল হিসাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই সরকারি দল নিতে পারে। পরে আমরা জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করেছি যে ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। এভাবে বলা নেই। বলা আছে, ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি।”

এবার কী সংসদে উচ্চকক্ষ হবে কী না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আলাপ আলোচনার বিষয়’।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment