চাঁদপুরে ঘরে বৃদ্ধার লাশ, পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে নিহতের পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

তবে পুত্রবধূর দাবি, মুখোশধারী কয়েকজন তার হাত-পা বেঁধে মালামাল লুটের পর শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টার মধ্যে যেকোনো সময় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব-সার্কেল) জাবির হুসনাইন সানীব।

নিহত পারুল বেগম (৭০) ওই এলাকার প্রয়াত লনু প্রধানের স্ত্রী। আহত হালিমা আক্তার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

প্রতিবেশী সাহেরা বেগম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে ওই বাড়িতে যান তিনি। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করলে তারা বলে, ‘দাদু আর মা মারা গেছে।’

“বিষয়টি শুনে ঘরে ঢুকে দেখি, পারুল বেগম উপুড় হয়ে মেঝেতে পড়ে আছেন। আর পাশের কক্ষে গিয়ে দেখি, হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন হালিমা। এসব দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে”, বলেন তিনি।

আহত হালিমা আক্তার বলেন, “এশার নামাজের কিছুক্ষণ পর মুখ বাঁধা অবস্থায় তিন থেকে চারজন লোক ঘরে প্রবেশ করে। তারা প্রথমে আমাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রাখে এবং ঘরের মালামাল লুটে নেয়। এরপর তারা পাশের কক্ষে গিয়ে শাশুড়িকে হত্যা করে। এ সময় অচেতন হয়ে পড়ি।”

দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান স্থানীয় বাসিন্দা মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার সানীব বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment