কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

কবি মোহন রায়হানকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী সোমবার তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই পুরস্কার গ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মোহন রায়হান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।”

যে সব অভিযোগ পর্যালোচনা করার জন্য শুক্রবার মন্ত্রণালয়ে এক জরুরি সভা বসে। সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

অভিযোগ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়য়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আগামী সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে কবি মোহন রায়হানের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ তুলে দেওয়া হবে।

মোহন রায়হান বলেছেন, তাকে এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ফোন করেছিল।

তিনি বলেন, “পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি বিকেলে সিদ্ধান্ত নেব। এখন কিছু বলব না।”

কদিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন।

কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

 

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment