ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে; সংলাপ পুনরায় শুরু করতে হবে।
ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন যে, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।
আজ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরমোজগান প্রদেশেই পৃথক দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাব ও জাস্কে পৃথক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস। এর মধ্যে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়েই নিহত হয়েছে ৫৩ জন শিক্ষার্থী।
হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধানের বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি জানায়, পৃথক ওই হামলায় অন্তত ৭০ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন।
মিনাব শহরের বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। সেখানে আজ সকালে হামলা চালিয়েছে ইসরায়েল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হতাহতের এই সংখ্যাগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।


