খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ রোববার বিকেলে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আমন্ত্রণ পৌঁছে দেন।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানান।

প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তাঁর প্রথম বৈঠক। তাই এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময় ছিল।

প্রণয় ভার্মা বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠান। একই দিন পরে তাঁদের মধ্যে টেলিফোনে আলাপও হয়েছে।’

ভারতের হাইকমিশনার বলেন, এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ওই বৈঠকে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।

প্রণয় ভার্মা বলেন, ‘এসব যোগাযোগে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেছি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছি।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানান প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমি জানিয়েছি যে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment