শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্র ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটি উত্থাপিত হবে। ‘হ্যাঁ’ এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসামাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে এবং এটাই জুলাই সনদ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে শপথ ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ্যানি বলেন, জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংসদে। আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দেশ গড়ার ক্ষেত্রে মব সংস্কৃতি বাধা হতে পারে বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী এ্যানি। তিনি বলেন, ‘যারা মব করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং দেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।’

একইদিন দুপুরে শহরের টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকারের অংশ হিসেবে দায়িত্বশীল বিরোধীদল গড়ে ওঠা। আমাদের মতপার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

উন্নয়নে পিছিয়ে থাকা লক্ষ্মীপুরকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে এ্যানি বলেন, ‘লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী দীর্ঘদিন ধরে অবহেলিত। যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, সে তুলনায় অঞ্চলটি অনেক পিছিয়ে রয়েছে।’ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি জেড এম ফারুকি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইনুদ্দিন পাঠান প্রমুখ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment