দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর আজিমপুরে অটোরিকশা চালক, জামালপুরে বাবা-ছেলে, বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ, দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও সাতজনের।
জামালপুরে ট্রাকে পিষ্ট বাবা-ছেলে
জামালপুরে চেকপোস্টে গাড়ি থামানোকে কেন্দ্র করে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার দুপুরে জামালপুর-শেরপুরের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশে জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শেরপুরের কেন্দুয়ারচরের বাসিন্দা দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইসতিয়াক আহম্মেদ। দেলোয়ার হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামাতে ইশারা করলে পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। তবে তাদের সঙ্গে থাকা শিশু আবরার প্রাণে বেঁচে যায়। এ সময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকেরা সড়ক অবরোধ করে পুলিশের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা হয়। প্রায় দুই ঘণ্টা শেরপুর-জামালপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাজাহানপুরে গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
বগুড়ার শাজাহানপুরে দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ি এলাকায় গতকাল বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী গৃহবধূ নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। নিহত গৃহবধূর নাম চামেলি খাতুন (৩০)। দুর্ঘটনায় আহত হন তাঁর স্বামী রেজাউল করিম ও দুই সন্তান সোয়াদ (২) ও স্নেহা (৪)। তাদের বাড়ি শাজাহানপুরের মাদলা এলাকায়। পরে স্থানীয় এমপি ঘটনাস্থলে যান। তিনি আশ্বস্ত করলে জনতা অবরোধ তুলে নেয়।
রাজধানীতে প্রাণ গেল অটোরিকশাচালকের
রাজধানীর আজিমপুর এলাকায় ট্রাকচাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে আজিমপুর এতিমখানার পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তাঁর অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি রাস্তায় পড়ে যান। তখন বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। তাদের বাড়ি ঢাকার দোহার উপজেলার জৈনকি গ্রামে।
বিরামপুরে ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় গতকাল ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজীব হাসান (৩৫) এবং একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে ইজহারুল ইসলাম রাব্বি (৩৪)।
নোয়াখালীতে লরিচাপায় ব্যবসায়ীর প্রাণহানি
নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় গতকাল তেলবাহী লরিচাপায় মো. শফিক (৬০) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে তাঁর দুই ছেলে ও দোকান কর্মচারী আহত হন। শফিক সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কেশবপুরে গার্মেন্ট ব্যবসায়ী নিহত
যশোরের কেশবপুরের মির্জাপুর এলাকায় গতকাল মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে এক গার্মেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও দুই মেয়ে আহত হন। আব্দুস সালামের বাড়ি উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামে।
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাসহ দুই প্রাণহানি
কিশোরগঞ্জ সদর মডেল থানার ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান (৬৫) গতকাল গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। থানা মসজিদে ফজরের ইমামতি করে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে কটিয়াদী ভোগপাড়ায় বৃহস্পতিবার রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় তুলসী কান্তি রাউত (৭১) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
মানিকগঞ্জে পিকআপ চালক নিহত
মানিকগঞ্জের অরঙ্গবাদ বাসস্ট্যান্ডের কাছে গতকাল ডাম্ব ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। তাঁর নাম গিয়াস উদ্দিন (৪৫)। তিনি সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামে সাহেব আলীর ছেলে। আহত হেলপারের নাম মাহবুব হোসেন।
সলঙ্গায় নছিমন উল্টে প্রাণ গেল শিশুর
সিরাজগঞ্জের সলঙ্গার রৌহাদহ এলাকায় গতকাল মাছবাহী নছিমন উল্টে প্রাণ গেছে তাবাসসুম (৬) নামের এক শিশুর। অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। তাবাসসুম উল্লাপাড়া উপজেলা চৈত্রহাটি গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে।


