ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

আজ কলকাতার ইডেন গার্ডেনে প্রথম দেখায় ইংল্যান্ডকে চমকে দিল টি-টুয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত ইতালি। ইংল্যান্ডকে প্রায় ভড়কেই দিয়েছিল দলটি।

তবে শেষ পর্যন্ত জিতেছে ক্রিকেটের জনকেরাই। ইতালিকে ২৪ রানে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে ইংল্যান্ড। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইংলিশরা। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন ম্যাচ জিতেই উঠে গেছে সুপার এইটে।

টসে জিতে ব্যাটিং নিয়ে ৭ উইকেটে ২০২ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ২০তম ওভারের শেষ বলে ১৭৮ রানে অলআউট ইতালি। বেন মানেন্তি ও গ্রান্ট স্টুয়ার্টের ঝোড়ো ব্যাটিংয়ে একটা সময় অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল ইতালিয়ানরা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেই বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা।

ইংল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে শেষ দুই ওভারেই। শেষ ২ ওভারে ইতালির দরকার ছিল ৩০ রান। স্যাম কারেন ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২৩ বলে ৪৫ রান করা স্টুয়ার্টকে।

শেষ ওভারে ২৫ রান দরকার, ইংলিশ পেসার জেমি ওভারটন ওভারে কোনো রান না দিয়ে পেয়ে যান ২ উইকেট।

শেষের কয়েকটা ওভার যে ইংল্যান্ড সমর্থকদের এমন উৎকণ্ঠায় থাকতে হবে ইতালির রান তাড়ার শুরুতে সেটি বোঝার উপায় ছিল না। জফরা আর্চারের করা প্রথম ওভারেই মাত্র ১ রান তুলতেই ২ উইকেট হারায় ইতালি। আগের ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম উইকেটে রেকর্ড অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়া মস্কা ভাইয়েরা আজ বিচ্ছিন্ন হন ১ রান তুলেই। চতুর্থ ওভারে ইতালির স্কোর ২২/৩ হয়ে যায়। এরপর জাস্টিন মস্কাকে নিয়ে ৪৮ বলে ৯২ রানের জুটি গড়েন বেন মানেন্তি।
ম্যাচসেরা ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ২২ বলে ৫৩ রান করেছেন
ম্যাচসেরা ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ২২ বলে ৫৩ রান করেছেনএএফপি

২৫ বলে ৬ ছক্কায় ৬০ রান করা বেন মানেন্তি ফেরেন ১২তম ওভারের শেষ বলে দলকে ১১৪ রানে রেখে। ২১ রান যোগ হওয়ার পর ১৫তম ওভারে বিদায় জাস্টিন মস্কারও (৩৪ বলে ৪৩)। এরপর যশপ্রীত সিংকে নিয়ে ১৮ বলে ৪০ রান যোগ করেন স্টুয়ার্ট। আদিল রশিদের করা ১৮তম ওভারে ৩ ছক্কায় স্টুয়ার্ট-যশপ্রীতরা তোলেন ২১ রান। এরপর শেষের দুই ওভার।

এর আগে ইংল্যান্ড ২০০ ছাড়ায় উইল জ্যাকসের ব্যাটিংয়ে। ২২ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। শেষ ৫ ওভারে ৭৮ রান তোলে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ২০২/৭ (জ্যাকস ৫৩*, ব্যান্টন ৩০, সল্ট ২৮, কারেন ২৫; কালুগামাগে ২/৪১, স্টুয়ার্ট ২/৫১)।
ইতালি: ২০ ওভারে ১৭৮ (বেন মানেন্তি ৬০, স্টুয়ার্ট ৪৫, জাস্টিন মস্কা ৪৩; ওভারটন ৩/১৮, কারেন ৩/২২, আর্চার ২/৩৫)।
ফল: ইংল্যান্ড ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: উইল জ্যাকস।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment