জামায়াত প্রার্থীর সমর্থক সন্দেহে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পালনের সময় জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থক সন্দেহে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করা হয়।

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়হান উদ্দীন নামের ওই ব্যক্তিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তাঁর জায়গায় নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে তাঁকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার সমকালকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে পুনরায় নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment