খাগড়াছড়িতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নামাজ আদায়ের কথা বলে জামায়াত নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, ওই কর্মকর্তা এশার নামাজ আদায়ের কথা বলে স্থানীয় একটি মসজিদে যান এবং সেখানে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন। নির্বাচনে কীভাবে বেশি ভোট সংগ্রহ করা যায়, সে বিষয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল বলে তিনি দাবি করেন। একপর্যায়ে স্থানীয় জনতা তাদের ঘেরাও করলে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে দেন।

আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ভোটকেন্দ্রে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় মাহমুদুল হাসান নামাজ পড়ার কথা বলে কেন্দ্র থেকে বাইরে গিয়েছিলেন। পরবর্তীতে অনিয়মের অভিযোগ ওঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

তবে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসান তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment