ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান উপদেষ্টা। বের হন ১০টা ৩৭ মিনিটে। ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে এই কেন্দ্রে ভোট দেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট চলছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে।
সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে, যা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেশের প্রায় পৌনে ১৩ কোটি ভোটারকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের আগের দিন বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচন ও গণভোটকে শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা সকলে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করুন।’ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


