ধানের শীষে ভোট চেয়ে বিতর্ক উসকে দিলেন ওমর সানী

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে বইছে নতুন হাওয়া। প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের পাশাপাশি আলোচনায় উঠে আসছে বিনোদন অঙ্গনের তারকারাও। সম্প্রতি সংগীতশিল্পী রবি চৌধুরীর ধানের শীষের পক্ষে প্রচারণা ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, ‘বের করেন কোনো কিছু, আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’

পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি নেটিজেনদের উদ্দেশে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন কি না, তার প্রমাণ দেখাতে তিনি আহ্বান জানালেন যেন!। তবে এই চ্যালেঞ্জের পরই সামাজিক মাধ্যমে উঠে আসে তার স্ত্রীর রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গ।

ওমর সানীর স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী একসময় আওয়ামী লীগের রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র কিনতেও গিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ যুক্ত হয়েছেন। সেখানে সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, নায়িকা সিমলাসহ অনেকে প্রকাশ্যেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তবে অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন-এমন অভিযোগে এসব তারকার অনেকেই সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন।

এই প্রেক্ষাপটে ওমর সানীর পোস্টকে দেখা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা হিসেবে। কেননা শোবিজ অঙ্গনে আগে থেকেই আলোচনা চলছিল-আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন বলে পরিচিত কিছু শিল্পী হঠাৎ করেই ধানের শীষে ভোট চাইছেন।

যদিও ওমর সানীর পোস্টের প্রতিক্রিয়া একমুখী ছিল না। কেউ কেউ তাকে সরাসরি আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ তার অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার স্ত্রী মৌসুমীর রাজনৈতিক ভূমিকা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment