কারাগারে অভিনেতা রাজপাল যাদব

আর্থিক বিরোধের মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে আত্মসমর্পণের পর তাকে দিল্লির তিহার কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে রাজপাল যাদবের পক্ষ থেকে আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহারের আবেদন করা হয়। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন। এ সময় আদালত মন্তব্য করেন, ‘আইন মানার জন্য, অবজ্ঞার জন্য নয়।’

এই মামলার সূত্রপাত ২০১০ সালে। সে সময় রাজপাল যাদব নিজের পরিচালিত সিনেমা ‘আটা পাটা লা পাটা’ নির্মাণের জন্য ঋণ নেন। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়।

পরবর্তী সময়ে ঋণ পরিশোধে বিলম্ব এবং চেক বাউন্সের ঘটনায় ২০১৮ সালে রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা যাদবকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সময়ের সঙ্গে সুদ ও জরিমানাসহ সেই ঋণের পরিমাণ বেড়ে বর্তমানে প্রায় ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আদালতের নির্দেশ মেনে চলতি মাসের ৪ ফেব্রুয়ারির মধ্যে রাজপাল যাদব আত্মসমর্পণ করেন। সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’–সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজপাল যাদব।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment