আর সিনেমায় গাইবেন না অরিজিৎ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না। প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।’

তবে সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না—এ কথাও স্পষ্ট করেন গায়ক। তিনি লেখেন, ‘পরিষ্কার করে বলছি, সংগীতের কাজ বন্ধ করছি না।’ পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে অরিজিৎ জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন।

অনেকেই এই সিদ্ধান্তে হতবাক। প্রশ্ন উঠছে—এ কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর, নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু?

মঙ্গলবার অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি লেখেন,
‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ।’
পোস্টে আরও লেখেন, ‘ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার ওপর। আমি ভালো সংগীতের একজন অনুরাগী। ভবিষ্যতে আরও শিখব, একজন সামান্য শিল্পী হিসেবেই সংগীতসাধনা চালিয়ে যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ।’

কেন হঠাৎ এই সিদ্ধান্ত—এ প্রশ্নে কোনো নির্দিষ্ট উত্তর দেননি অরিজিৎ। এক অনুরাগীর প্রশ্নে হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান। তবে জানান, আপাতত হাতে থাকা কাজগুলো তিনি শেষ করবেন। পরে এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, ‘কিছু কাজ এখনো বাকি আছে। সেগুলো শেষ করব। অর্থাৎ এই বছর কিছু রিলিজ পাবেন।’

প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা কি সত্যিই স্থায়ী সিদ্ধান্ত, নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা—তা এখনো স্পষ্ট নয়। আপাতত অরিজিতের কথায় একটা বিষয় পরিষ্কার—গান থামছে না, বদলাচ্ছে শুধু পথ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment