স্টাফ রিপোর্টারঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানী ছাড়তে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তারেক রহমান বক্তব্য শেষ করার পরই নেতা ও সমর্থকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রাজধানীর পূর্বাচল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় লাখো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা মঞ্চে পৌঁছানোর পর তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন এবং পরবর্তীতে মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঞ্চ ও সড়কগুলো বাঁশ ও কাঠ দিয়ে সাজানো হয়েছিল। দলীয় কর্মী ও সমর্থকরা সকাল থেকেই সংবর্ধনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছ্বাস দেখান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। এরপর তিনি বিশেষ বাসে সংবর্ধনাস্থলে পৌঁছান, যেখানে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২৪ ডিসেম্বর রাত সোয়া ৬টায় ঢাকা উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
২০০৭ সালের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে আটক হওয়া তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর প্রায় ১৭ বছর পর দেশে ফেরার সুযোগ হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির এই শীর্ষ নেতা।


